Published : 25 May 2026, 01:24 AM
২০১৩ সালে মুক্তি পাওয়ার পর জিতু জোসেফের মালয়ালম থ্রিলারটি দর্শকদের মনে ঝড় তুলেছিল। এরপর সিক্যুয়েলটিও পায় ব্যাপক প্রশংসা। হিন্দি রিমেকগুলোও বাণিজ্যিকভাবে সফল হয়। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে রয়েছেন জর্জ, একজন সাধারণ কেবল ব্যবসায়ী। তবে পরিবারকে রক্ষা করতে তার বুদ্ধিমত্তার কাছে হার মানা কঠিন। এবার মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। গত বৃহস্পতিবার মোহনলালের জন্মদিনে ছবিটি মুক্তি পায়। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে প্রায় ১৩ কোটি ৭০ লাখ টাকা। এর ফলে তিন দিনে দেশের বাজারে মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৪০ কোটি ৬০ লাখ টাকা। আর বিশ্বব্যাপী ছবিটির মোট আয় পৌঁছেছে ১১৭ কোটি ১৭ লাখ টাকা।দর্শক উপস্থিতির দিক থেকেও ছবিটি বেশ শক্তিশালী।
ভারতজুড়ে ৫ হাজার ১৮৫টি শোতে শনিবার গড়ে ৫০ দশমিক ২ শতাংশ আসন পূর্ণ ছিল। সবচেয়ে বেশি সাড়া মিলেছে মালয়ালম সংস্করণে, যেখানে গড় উপস্থিতি ছিল ৬৬ দশমিক ৫২ শতাংশ। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শো প্রায় হাউসফুল ছিল। সন্ধ্যার শোতে উপস্থিতি ছিল ৭৫ দশমিক ৪২ শতাংশ, আর রাতের শোতে ৭২ দশমিক ৭৫ শতাংশ।ছবিটির সবচেয়ে বড় বাজার কেরালার কোচি শহর। সেখানে ২৩৮টি শোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৮৮ দশমিক ৩ শতাংশ। ছবির সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহনলাল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘১৩ বছর ধরে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাস প্রতিদিন আমাদের বিনীত করে। “দৃশ্যম ৩” এখন সফলভাবে প্রেক্ষাগৃহে চলছে।’‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১৩ সালে। এরপর একে একে মুক্তি পায় দ্বিতীয় ও তৃতীয় কিস্তি।
প্রতিবারই রহস্য, পারিবারিক আবেগ এবং বুদ্ধিদীপ্ত গল্প বলার কারণে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এই সিরিজ। আরও পড়ুনপ্রথম দিনেই ঝড় তুলল ‘দৃশ্যম ৩’, কত আয় করল২২ মে ২০২৬ ২০১৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ ভারতীয় থ্রিলার সিনেমার ইতিহাস পরিবর্তন করে দিয়েছিল। সাধারণ কেবল অপারেটর জর্জকুট্টি কীভাবে নিজের পরিবারকে বাঁচাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যান, সেই গল্প দর্শকদের এতটাই নাড়া দিয়েছিল যে সিনেমাটি পরে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়সহ বিভিন্ন ভাষায় রিমেক হয়। এমনকি চীন ও শ্রীলঙ্কায়ও তৈরি হয়েছে স্থানীয় সংস্করণ।এরপর করোনা মহামারির সময়ে ‘দৃশ্যম ২’ ওটিটিতে মুক্তি পায়। থিয়েটারে মুক্তি না পেলেও ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। তাই তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।‘দৃশ্যম ৩’ ছবিতে আবারও ফিরে এসেছে জর্জকুট্টির পরিবার। জর্জকুট্টির চরিত্রে আগের মতোই আছেন মোহনলাল। রানী জর্জের চরিত্রে মীনা, অঞ্জু চরিত্রে আনসিবা হাসান ও অনু চরিত্রে এস্থার অনিল।ইন্ডিয়া টুডে অবলম্বনে।
‘ধুরন্ধর ২’: ‘পুষ্পা ২’, ‘স্ত্রী ২’কে টেক্কা দিয়ে বক্স অফিসের নতুন সম্রাট!